যারা আমাকে টুইটারে অনুসরন করেন, যারা এই পোস্ট পড়ছেন কিমবা যারা আমাকে একটু
ব্যক্তিগত ভাবে চেনেন, তারা বেশ ভালো করেই জানেন যে আমি মদ্যপান করতে ভালোবাসি।
আমি মাতাল নই কিমবা নেশাগ্রস্ত সেইসব ফুটো আঁতেল নই যারা লোকের সামনে কালো চশমা
পরে বাজে বকে। সত্যি বলতে, জীবনে কতবার মাতাল হয়েছি সেটা হাতে গুনে বলা যায়।
কিন্তু সপ্তাহে দুই একদিন বারে বসে মদ্যপান আমি খুব উপভোগ করি। তবে কোনোদিন যদি
সম্ভব হয়, একটা বই লিখব সেইসব অগণিত চরিত্রগুলোর ওপর, যাদের সাথে আলাপ ওই টেবিলের
ওপাশে বা কাউণটারে।
তিন মাস আগের কথা। এক শুক্রবার সন্ধ্যায় গিয়ে বসলাম নিজের পরিচিত পাব এ।
হুইস্কি অর্ডার করলাম, অন দা রক্স। কিন্তু বরফের ওপর হুইস্কি ঢালা আমার খুব একটা
পোশায় না। তাই ওয়েটার সবসময় আগে হুইস্কি ঢেলে তার ওপর দুটো বরফের টুকরো ছেড়ে দেয়
আমার পেগ এ। সেদিন দেখলাম একটি নতুন ছেলে, সে আমার পেগ সম্পর্কে জানেনা বলে তাকে
বুঝিয়ে দিতে হল। কিন্তু বরফ ছাড়ার আগে দেখলাম তার হাত কাঁপছে। জিজ্ঞাসা করলাম
হিন্দিতে, “ এই লাইনে নতুন নাকি?”। ছেলেটি খুব লাজুক বিনয়ী ভাবে হেসে বলল, “হ্যাঁ।”
ছেলেটির দিকে তাকালাম, দেখলাম বেশ চোখে মুখে একটা ব্রাইট ভাব আছে। নাম জিজ্ঞাসা
করতে জানাল, ওর নাম বিভাস, বালেশ্বরের ছেলে। আমার থেকে বছর ছয় ছোটো হবে।
একমাস পর আবার যখন ওই পাব এ যাই, আমার পেগ বেশ সুন্দর করে বিভাস নিজে হাতেই
তৈরি করে দেয়। আমি খুব স্বাভাবিক ভাবেই জিজ্ঞাসা করি কি করা হত এর আগে। জানলাম সবে বি এস সি শেষ করেছে ফিসিক্সে;
বোম্বেতে কোনও চাকরির কোচিং সেন্টারে পড়ছে আর পাব এ কাজ করছে। ভালো লাগল দেখে,
এরাই জীবনের সত্যি কারের বিজয়ী। আমার নিজের মনে হল যে ওর জন্য কিছু কাজ দেখি, যা
করছে তার থেকে কিছু একটা ভালো। আমি একজনের সাথে কথা বলে রেখেছিলাম ওর একটা কাজের
ব্যপারে, ল্যাব সংক্রান্ত একটা কাজ, আপাতত ছয় মাসের জন্য।
প্রায় এক মাসের ওপর ওই পাব এ যাওয়া হয়নি। শেষ এক সপ্তাহ শহরের বাইরে ছিলাম।
কাল শহরে ফিরেছি। সফরের ক্লান্তি কাটাতে কাল রাতে ওই পাব এ গেলাম আর মনে মনে ঠিক
করে গিয়েছিলাম যে বিভাসকে অফারটা দেব। কিন্তু গিয়ে দেখলাম বিভাস নেই। অন্য আরেকজন
কর্মচারীকে জিজ্ঞেস করতে সে জানাল বিভাস বোম্বে ছেড়ে চলে গেছে। কেন, কোথায় কেউ ই
জানে না।
ঘটনাটি খুবই সামান্য হয়ত। তাই না?
আমি কোনও মহান লোক নই বা নিজেকে মহান বলে প্রমান ও করতে চাইনা। তবে নিজের ক্ষমতা অনুযায়ী চেষ্টা করি কারও যোগ্য
প্রাপ্য তাকে দিতে।
সবাইকেই হারিয়ে যেতে হয়। বিভাসের মত লড়াকু লোকদের জন্য না হয় একটা ছোটো পোস্টই
লিখলাম।